“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে জনাব তাসলিমুন নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালীর সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নোয়াখালী সার্কেলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুর ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয় এবং জনাব ডা. আনোয়ার হোসেন, সিভিল সার্জন, নোয়াখালী।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সড়ক নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্যে চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরিশেষে, নোয়াখালীর সড়কগুলোকে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ভালো চালক হিসেবে নির্বাচিত চারজন চালককে সড়ক নিরাপত্তায় অবদান ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।