আন্তঃজেলা ডাকাত সর্দার হিসেবে পরিচিত মো. নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত রোববার দিবাগত রাতে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিজাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার কার্যক্রম চালিয়ে আসছিলেন।
গাজীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির একাধিক মামলায় তিনি
অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে থাকা মামলার তথ্য ও পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করে গ্রেপ্তারের উদ্যোগ নেয় পুলিশ। গ্রেপ্তার নিজাম উদ্দিনের বয়স ৫০ বছর। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের দেখুন পৃষ্ঠা ৩
৬নং ওয়ার্ডের চর ফকিরা (আদর্শ নগর) এলাকার বলি মাঝি বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত অজি উল্ল্যাহ মাঝি। তিনি নিজাম ডাকাত, নেজাম উদ্দিন ও নেজাম ডাকাত নামেও পরিচিত। তাঁর নতুন বাড়ি বলি মাঝি বাড়ি এলাকায়।
সোনাগাজী মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এ.বি.এস.এম. হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, নিজাম সোনাগাজীতে প্রবেশ করছেন। পরে তাঁর পিসিপিআর (পূর্ববর্তী দণ্ড ও অপরাধের রেকর্ড) যাচাই করে ২৬টি মামলা ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়। তিনি এলাকায় অবস্থান করে নতুন করে অপরাধ সংঘটিত করতে পারেন এমন আশঙ্কায় তাঁর গতিবিধি পর্যবেক্ষণের জন্য সোর্সদের সতর্ক করা হয়। পরে সোর্সের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজারের পূর্ব পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তাঁকে গ্রেপ্তারে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস কবির মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) এ.বি.এস.এম. হাসান ও নোবেল গোস্বামী দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিজাম ২৬টি ডাকাতি ও দস্যুতার মামলার আসামি। ফেনী জেলার ছাগলনাইয়া থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।