ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে মাদক নির্মূল ও অনলাইন (গেমিং) জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানার (অপারেশন) ওসি সাজেদ কামাল, বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য নজরুল ইসলাম রুবেল। আয়োজক কমিটির সদস্য মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল হুদা কাউসার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও ফরিদুল ইসলাম রাহাত।
এ ছাড়া বক্তব্য দেন পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আইয়ুব পাটোয়ারী এবং দেবীপুর মাদ্রাসার শিক্ষক মুফতি বেলায়েত হোসেন।
সভায় বক্তারা মাদক নির্মূল ও অনলাইন জুয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে এসব আসক্তি থেকে দূরে রাখা এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।