রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

সমাজসেবার আড়ালে প্রতারণার অভিযোগ, হুমায়ুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

শেয়ার
সমাজসেবার আড়ালে প্রতারণার অভিযোগ, হুমায়ুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
ফেনীতে ডেনমার্কে ভালো বেতনের চাকরির ভিসা করে দেওয়ার কথা বলে দুই লাখ টাকা নেওয়ার পর প্রায় ১৪ মাসেও ভিসা না দেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির পাটোয়ারী ও আনোয়ার হোসেন রতনের বিরুদ্ধে। এ ঘটনায় আবদুল আল নোমান নামে এক যুবক সোমবার বিকেলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী আবদুল আল নোমান ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মধুপুর এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, ডেনমার্কে ভালো বেতনের চাকরির ভিসা করে দেওয়ার কথা বলে আনোয়ার হোসেন রতনের মাধ্যমে হুমায়ুন কবির পাটোয়ারীর সঙ্গে তাঁর ১৬ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২০ জুন রাতে ফেনীর মিজান রোড এলাকায় কয়েকজনের উপস্থিতিতে তাঁর কাছ থেকে নগদ এক লাখ টাকা নেওয়া হয়।
পরে ভিসা প্রক্রিয়ার জন্য জরুরি ভিত্তিতে আরও টাকা প্রয়োজন বলে জানানো হলে ২৬ জুন ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে আরও এক লাখ টাকা পাঠান বলে অভিযোগ করেন নোমান। সব মিলিয়ে দুই লাখ টাকা দেওয়ার পর ছয় মাসের মধ্যে ডেনমার্কের ভিসা দেওয়ার কথা ছিল বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
তবে অভিযোগকারীর দাবি, নির্ধারিত ছয় মাসের পরিবর্তে প্রায় ১৪ মাস পার হয়ে গেলেও তাঁকে ভিসা দেওয়া হয়নি। একই সঙ্গে তাঁর দেওয়া দুই লাখ টাকা ফেরত চাইলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আবদুল আল নোমানের আরও অভিযোগ, পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আনোয়ার হোসেন রতনের মাধ্যমে হুমায়ুন কবির পাটোয়ারী আরও কয়েকজনের কাছ থেকেও বিদেশে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়েছেন। তাঁদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীর দাবি।
স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও টাকা উদ্ধার করতে না পেরে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান আবদুল আল নোমান। অভিযোগের সঙ্গে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর রশিদের কপিও সংযুক্ত করেছেন তিনি।
এদিকে অভিযোগের পর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সৌদি বিএনপি নেতা আনোয়ার হোসেন রতনের পক্ষ থেকে আবদুল আল নোমানকে ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে। বাকি দুই লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে সময় নেওয়া হয়েছে বলে অভিযোগকারী জানান।
এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির পাটোয়ারী ও আনোয়ার হোসেন রতনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ফেনী মডেল থানায় দেওয়া অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও