বেগমগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ কায়েসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ, নোয়াখালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বরকত উল্লাহ বুলু, মাননীয় সংসদ সদস্য, ২৭০ নোয়াখালী-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী।
আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর। জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।