সুবর্ণচরে মাদ্রাসাছাত্র মো. নাঈমকে (১৪) শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবা মো. ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইব্রাহীম খলিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জঙ্গালিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে।
এ ঘটনায় নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে খলিলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে, গত মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা বলেন, প্রায় তিন বছর আগে নাঈমের মা-বাবার বিচ্ছেদ হয়। এরপরসে তার নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। সোমবার রাতের খাবার খেয়ে নানার সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈম। পর দিন মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে পাওয়া যায় তার মরদেহ।
তারা বলেন, গত ২০-২৫ দিন আগে নাঈমের মা সুমি আক্তার দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নাঈমের বাবা ইব্রাহীম খলিল সাবেক স্ত্রী সুমির ওপর ক্ষুদ্ধ হয়ে ওঠেন। পরবর্তী সময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ছেলের আয়-রোজগার কীভাবে মা খান, তা দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। এদিকে, নাঈমের মরদেহ উদ্ধারের পরপরই তার মা সুমি তার সাবেক স্বামী খলিলকে সন্দেহ করেন। মঙ্গলবার সকালে নাঈমের মরদেহ উদ্ধারের খবর জানাতে খলিলকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তিনি নিজে ফোন করলে ছেলের মৃত্যুর খবর তাকে জানানো হয়।