ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় নিম্নমানের শিশুখাদ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি প্রতিরোধে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিম্নমানের বিভিন্ন খাদ্যপণ্য ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
(২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ফেনী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভার সিদ্ধান্ত এবং ফেনী জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফীন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানের শুরুতে ট্রাংক রোড এলাকার ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলসংলগ্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ দোকানে নিম্নমানের সস ও অস্বাস্থ্যকর নোংরা তেঁতুল দিয়ে বিশেষ ধরনের টক তৈরি করে ভেলপুরি বিক্রি করতে দেখা যায়। পরে এসব টক ও সস জব্দ করে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাকে সতর্ক করা হয়।
একই এলাকার ‘ফুড প্যালেস’ নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিনের পোড়া তেল সংরক্ষণ করে তা দিয়ে চিকেন, পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকাসহ বিভিন্ন মুখরোচক খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া খাবার তৈরিতে লেবেলবিহীন নিম্নমানের সস ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
এদিকে ট্রাংক রোড এলাকার ‘নবী ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফেনী শহরের বিভিন্ন এলাকায় নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির সঙ্গে জড়িত একাধিক ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাকে সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।