আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। একটি দল নির্বাচন বানচালের জন্য বিভিন্নভাবে অপচেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, ১৫–১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জনগনকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিব, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগন তাদের আগামীর ভবিষ্যত নেতা নির্বাচন করবে।
বিএনপির এ প্রার্থী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যদি বাংলাদেশ উল্লটোপথে যায় তাহলে দেশের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হবে। তাই বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করতে এবং এ দেশের গতিপথ ঠিক রাখতে ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে এ মুহুর্তে বিএনপিকেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে।
সোমবার সোনাগাজী পৌরসভায় পথসভায় তিনি এসব বলেন।
এর আগে সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে পথসভায় বক্তব্যকালে তিনি চরাঞ্চলের উন্নয়ন, কৃষি,মৎস্যখাতের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রসার এবং নদীভাঙনরোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণের আশ্বাস দেন।
পথসভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহেনা আক্তার শানু, প্রার্থীর ছেলে তাফসির এম আউয়াল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দীন, ফেনী জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞা প্রমুখ।