ফেনীর রামপুরে সম্রাট ফ্যাক্টরির সামনে ভোরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলপার। মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
একটি অজ্ঞাত কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে যায়। পেছনে থাকা চট্ট মেট্রো ড-১১-২৫৮৬ নম্বরের মিডিয়াম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। ট্রাকচালক মো. রিপন মিয়া (৫০) গাড়ির ভেতরে আটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি। হেলপার কামাল হোসেন (৪৫) আহত হন। তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দায়ী কাভার্ডভ্যানটি পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায়।